ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্য সংঘর্ষে সহকারী প্রক্টর ও প্রভোস্টসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেটারদের নামের তালিকা নিয়ে বর্তমান সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের কর্মীরা রড-লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম হাওলাদার, হল প্রভোস্ট সিদ্ধার্থদেসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষের দুইজন ও সভাপতির পক্ষের একজন আহত আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবির জানান, দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যে কোন ধরণের দুর্ঘটনা মোকাবেলা করতে প্রক্টরিয়াল বড়ি মাঠে তৎপর রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির নজরুল ইসলাম বাবু জানান, সাধারণ সম্পাদকের কর্মীরা অযথা আমার সমর্থকদের উপর হামলা করেছে। সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ইত্তেফাক/ইউবি
