হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২৯ জনের ৫ বছর করে কারাদণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৫
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সোহরাব হোসেনকে হত্যা দায়ে এক আসামির মৃত্যুদণ্ড, এক আসামির যাবজ্জীবন এবং ২৯ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
 
আসামি আতহার আলী ওরফে পরান বাবুকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন আদালত। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এ ছাড়া অপর ২৯ আসামিকে দুটি ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড দেন আাদালত।
 
দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সিদ্দিকুর রহমান, হান্নান, রবিউল শিকদার, রাজ্জাক শিকদার, বাবুল হাওলাদার, আব্দুর রব শেখ, আব্দুল করিম শেখ, খলিল শেখ, হাদিস গাজী, মোজাহার গাজী, আনোয়ার হাওলাদার, কালা বাবুল, দিপু ওরফে দিপংকর, হাকিম, হেমায়েত, রফিকুল ইসলাম, আব্দুর রব শিকদার, ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল ওহাব, গোলাম ফারুক, বাবুল হাওলাদার, পিকলু সরদার, শুক ওরফে সুলতান, মাসুদ শেখ, তরিকুল ইসলাম, মোজাহার ওরফে মোতাহার গাজী, আসাদ শেখ ও আজাহার ওরফে মোজাহার তরফদার। আসামিদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে। নিহত সোহরাব আলী শেখ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গাজিরহাট গ্রামের বাসিন্দা।
 
মামলার নথি থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ২০০১ সালের ১৮ জুন সকাল ১০টার দিকে পরান বাবু এবং ইউসুফ আলীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাজিরহাট গ্রামের সোহরাব আলীর বাড়িতে যায়। এ সময় তারা বাড়িটি ঘিরে সোহরাবসহ তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে সোহরাব বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা ধাওয়া করে তাকে গুলি এবং কুপিয়ে হত্যা করে।
 
ইত্তেফাক/ইউবি