সাভার উপজেলার আশুলিয়ায় নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ৬ বছর পূর্ণ হয়েছে গতকাল শনিবার। ২০১২ সালের ২৪শে নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন পোশাক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। দিনটি উপলক্ষে নিহত-আহত ও নিখোঁজ শ্রমিকদের স্মরণে র্যালি, বিক্ষোভ মিছিল, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পোশাক শ্রমিকরা। গতকাল শনিবার সকাল থেকেই নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি প্রদান, নিহত, আহত ও নিখোঁজ শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। আহতদের সুচিকিত্সা, আবাসন, সন্তানদের লেখাপড়াসহ পুনর্বাসনের দাবি জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে লাগা অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হয়। আহত হন ৩ হাজারেরও বেশি শ্রমিক। চিকিত্সাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা যায় আরো ৯ জন। এছাড়া প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে শরীরের বিভিন্ন অঙ্গহানি ও মানসিক ভারসাম্যহীন হওয়ার পাশাপশি কর্মক্ষমতা হারিয়েছেন দুই শতাধিক শ্রমিক।
