কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৯শ' পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩শ' ৭৫ বোতল ফেনসিডিলসহ ছয় ব্যক্তিকে আটক করেছে।আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযানগুলো চালানো হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে আবু বাকার, একই গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে বাবলু, শুভপুর ইউনিয়নের ছোট ধলুয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে সাইফুল ইসলাম শিমুল, উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের আবদুল মালেকের ছেলে সুমন, বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে আবুল বাশার বসু ও চট্টগ্রামের মিরেরশরাই থানার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের শফি উল্যাহর ছেলে ওসমান গণি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার এলাকা থেকে ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ' বোতল ফেনসিডিলসহ আবু বাকার, বাবলু, শিমুল ও সুমনকে আটক করা হয়। থানা পুলিশের আরেকটি টিম মিয়াবাজার ফুড ভিলেজের সামনে থেকে ১৫শ' পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওসমান গণিকে আটক করে। অপরদিকে আটগ্রাম বিজিবির কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান আটগ্রামের আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল আবুল বাশার বসুকে আটক করে।
ইত্তেফাক/এসএস
