ভারতের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত এবং জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘চেঞ্জড সোশ্যাল রেসপনসিভিলিটি’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, কর্পোরেট সেক্টরকে সমাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ হবার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এসময় উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, যদিও বাংলাদেশে ভারতের মত সিএসআর সংক্রান্ত কোনো নীতিমালা নেই, তবুও বাংলাদেশ ব্যাংক সিএসআর এর প্রতি মনোযোগী হবার জন্য ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে। পরবর্তী সেশনে উপস্থাপনায় বিষয়টিকে আরো ব্যাপকভাবে তুলে ধরেন তিনি। ড. আতিউর তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সামাজিক খাতে অর্থায়নের নীতিমালা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রকৃত সিএসআর কার্যক্রম- এই উভয়ক্ষেত্র পরিচালনায় অনন্য ভূমিকা পালন করেছে।’
টেকসই উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য দূরীকরণ এবং সার্বজনীন ব্যাংকিং, ইনস্যুরেন্স ও আর্থিক সেবা প্রদানের বিষয়গুলোর ওপর ড. আতিউর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এই বিষয়গুলো অর্জনে সরকারের সাথে বিভিন্ন বেসরকারি খাত, ব্যক্তিগত খাত তথা সাধারণ মানুষের সমন্বয়ের দরকার বলে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, সিএসআর প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন বাংলাদেশের মত দেশগুলোতে সম্পূর্ণ দারিদ্র্য দূরীকরণে ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সরকারের কার্যক্রমকে ত্বরান্বিত করবে। সামাজিক দায়বদ্ধতায় অর্থায়ন নিশ্চিত করতে সিএসআর এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ধারণাটির লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ইত্তেফাক/সেতু
