লামায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম রোয়াজাপাড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ২৫টি দেশি বন্ধুক সহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে।
 
আটককৃতরা হলেন, চাইনুং মারমা (৩৬), তুইসা মং (৩৬), মিফং মার্মা (৪১) ও এক্য মার্মা (৪০)। তাদের সবার বাড়ি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় মার্মাপাড়া এলাকায়।
 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান (পিপিএম) আজ শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, ওই এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
 
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, গয়ালমারা, ত্রিশডেবা ও রোয়াজাপাড়া এলাকা সমূহ সন্ত্রাসীদের অভয়রণ্যে পরিণত হয়েছে। সেখানে নিয়মিত চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলে। প্রায়সময় সেনাবাহিনী সেখানে অভিযান চালালেও গভীর পাহাড়ি এলাকায় হওয়ায় সন্ত্রাসীরা খবর পেয়ে আগ থেকে সরে যায়। বহুবার সেনাবাহিনীর সাথে পাহাড়ি সন্ত্রাসীদের মুখোমুখি গোলাগুলি হয়েছে। সেখানে সেনা ক্যাম্প স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস