রেকর্ড এবং বিরাট কোহলি— এখন যেন সমার্থক শব্দ। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ছয় ম্যাচ সিরিজের শেষ ম্যাচে গতকাল সেঞ্চুরিয়ানে ভারত জয়লাভ করেছে ৮ উইকেটে। এই ম্যাচে ৯৬ বল থেকে ১৯টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে কোহলি ১২৯ রান করে অপরাজিত রয়েছেন।
দুর্দান্ত এই ইনিংসের সুবাদে কোহলির এক সঙ্গে হয়েছে একাধিক রেকর্ড।
সিরিজে তিনটি শতরান করে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি করে ফেললেন কোহলি। ওয়ানডেতে মোট সেঞ্চুরির হিসেবে তিনি এখন বিশ্বে দুই নম্বর। সামনে শুধুই শচিন টেন্ডুলকার।
আর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩টি শতরান করলেন কোহলি। এর আগে সৌরভ গাঙ্গলি ও ভিভিএস লক্ষ্মণ আলাদা আলাদা টুর্নামেন্টে তিনটি করে সেঞ্চুরি করলেও দ্বিপাক্ষিক সিরিজে এই রেকর্ড নেই কারও।
এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে কোহলিই প্রথম ব্যাটসম্যান যিনি ৫০০-এর বেশি রান করলেন। এত দিন এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত। বিরাট করলেন ৫৫৮।
অধিনায়ক হিসেবে কোনও দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন কোহলির দখলে। এত দিন এই রেকর্ড ছিল জর্জ বেইলির নামে। ২০১৩-১৪ সালে ভারতের বিপক্ষে ৪৭৮ রান করেছিলেন বেইলি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দলটির বিপক্ষে একদিনের দ্বিপাক্ষিক সিরিজে বিশ্বে সর্বোচ্চ রান এখন কোহলিরই। এর আগে এই রেকর্ড ছিল কেভিন পিটারসনের দখলে। ২০০৫ সালে সাত ম্যাচের সিরিজে পিটারসেন করেছিলেন ৪৫৪ রান। আর কোহলির সংগ্রহ ৫৫৮।
ইত্তেফাক/কেআই
