চোর সন্দেহে ২ যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩
আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ব্রাহ্মন্দী ষাড় পাড়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।
 
নির্যাতনের শিকার স্বপন মিয়া ও তার চাচাতো ভাই মাসুম মিয়াকে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, ওই গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে স্বপন মিস্ত্রির কাজ করেন। তার চাচাতো ভাই তাহের আলীর ছেলে মাসুম টিউবওয়েল বসানোর কাজ করে থাকেন। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন তারা।
 
ভ্যান চোর সন্দেহে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় নজরুল, সিরাজ, সেলিম ও আলমগীরসহ কয়েকজন মিলে তাদের বাড়ি থেকে ডাক নিয়ে যান। পরে রাস্তার পাশে গাছে সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
 
পরে অটোরিকশা চুরির অভিযোগে তাদের দিনভর নির্যাতন করা হয়। খবর পেয়ে স্বপনের বাবা মোনতাজ ছুটে এলে তাকেও জুতা পেটা করে তারা। এক পর্যায়ে স্বজনরা সন্তানদের বাঁচাতে পুলিশের শরণাপন্ন হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের না নিয়ে ফিরে আসেন।
 
নির্যাতনে মাসুম ও স্বপন কয়েকবার জ্ঞান হারান। পরে স্থানীয় ইউপি সদস্য জাইদুল তাদের উদ্ধার করেন। তাদের চিকিৎসার জন্য শনিবার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/আরকেজি