‘চেজমাস্টার’, ‘ম্যাচ উইনার’, ‘সুপার ম্যান’, ‘রান মেশিন’, ‘কিং’ কোন শব্দে ব্যাখা করবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাটকে ব্যাখা করতে গেলে প্রচলিত অক্সফোর্ড অভিধানের শব্দ কম পড়বে। তাই নতুন অভিধান কিনতে বলছেন ভারতীয় দলে হেড কোচ রবি শাস্ত্রী৷
সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ওয়ান ডে জয়ের পর সাংবাদিক সম্মেলেন শাস্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘কোহলির এই পারফরম্যান্সকে কিভাবে ব্যাখা করবেন?’ জবাবে কোহলিকে ব্যাখা করার জন্য ঐ সাংবাদিককে নতুন ডিকশনারি কিনে নতুন শব্দ খোঁজার পরামর্শ দেন কোহলির এই গুরু।
তিনি বলেন, আমি জানি আপনাদের জন্য কাজটা কঠিন হয়ে যাচ্ছে। আমি আপনাদের জায়গায় থাকলে এখনি একটা বইয়ের দোকানে যেতাম ও সর্বশেষ সংস্করনের অক্সফোর্ড অভিধান কিনে আনতাম যাতে আমার শব্দ ভান্ডার আরো বেশি হয়।
প্রোটিয়াদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দাপটের সঙ্গে একাধিক রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ৫০০ রানের মাইলস্টোন টপকে গেলেন। সিরিজের ৬ ম্যাচে বিরাটের সংগ্রহ (অবিশ্বাস্য ১৮৬ গড়ে) ৫৫৮ রান।
সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচ দুরন্ত সেঞ্চুরি করে টপকে গেলেন রোহিতকেও। ২০১৩তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সর্বাধিক ৪৯১ রান হাঁকানোর রেকর্ড ছিল রোহিতদের দখলে। তার সেই রেকর্ডে থাবা বসিয়ে নতুন নজির গড়ে ফেলেছেন কোহলি। সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৫-১ করার দিনে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কোহলি। সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও উঠছে কোহলি মুকুটে।
ইত্তেফাক/ রেজা
