সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, ট্রাকে আগুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫
 
গাজীপুরে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার পর নিহতের সহপাঠী ও এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। শনিবার বিকেল তিনটার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ি-আমবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কলেজছাত্র মো. শাহ আলম (১৮) কোণাবাড়ির ক্যামব্রিজ কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে স্থানীয় বাঘিয়া এলাকায় মৃত মতিউর রহমানের ছেলে।
 
জয়দেবপুর থানার কোণাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন ও স্থানীয়রা জানায়, শাহ আলম কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিল। আমবাগ ব্রিজ এলাকায় পৌঁছলে ঝুট বোঝাই একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
দুর্ঘটনার পর সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
 
কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে পারলেও ট্রাকটির অধিকাংশ পুড়ে গেছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 
 
ইত্তেফাক/আরকেজি