‘বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা কারো পূরণ হবে না’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ সজাগ আছে। আগামী নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র, খোঁচাখুচি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। সংবিধানের বাইরে বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা কারো পূরণ হবে না। 
 
শনিবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজী মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের বাস্তবায়িত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। 
 
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর সভাপতিত্বে সমাবেশে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওচমান গণি পাটোয়ারী, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
 
মন্ত্রী বলেন, অনুন্নত প্রান্তিক চরাঞ্চল উপজেলা মতলব উত্তরে আইটি পার্ক, বিশেষায়িত অর্থনৈতিক জোন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, প্রত্যেক ইউনিয়নের পাকা রাস্তা অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন এনে দিবে।
 
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে থেকেছে। দীর্ঘমেয়াদী বন্যায় কোন লোক না খেয়ে থাকেনি। প্রধামন্ত্রীর সহানুভূতিশীল নির্দেশনায় ১১ লাখ রোহিঙ্গার সার্বিক ব্যবস্থাপনা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি