নাভারণ হাইওয়ে পুলিশের অভিযান, মাদকসহ আটক ৮

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৮
যশোর-বেনাপোল সড়কে নারী মাদক চোরাকারবারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে এ সব মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন জেলা শহরসহ রাজধানীতে নিয়ে যাচ্ছে। 
 
চোরাকারবারীরা কম পয়সা মজুরি দিয়ে এ সব নারী চোরাচালানীদের বাহক হিসাবে ব্যবহার করছে। নাভারন হাইওয়ে পুলিশ গত এক সপ্তাহে যশোর-বেনাপোল সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ১৪২ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা এবং ইয়াবা ট্যালেটসহ ৮ জন চোরাচালানীকে আটক করেছে।  
 
আটককৃতদের মধ্যে  পাঁচজন নারী এবং তিনজন পুরুষ। এ ব্যাপারে ৮টি মামলা হয়েছে। এ দিকে কাগজপত্র সঠিক না থাকায় ১৫টি নছিমন-করিমন এবং ২০টি ইজিবাইক জব্দ করেছে  পুলিশ। 
 
এ ব্যাপারে নাভারণ হাইওয়ে  পুলিশের সার্জেন্ট ইনচার্জ পলিটন মিয়া জানান, গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এ সব মাদক দ্রব্যসহ  চোরাচালানীদেরকে আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি