নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করা হয়। রবিবার দুপুরে এ কর্মসূচি পালন করে কমিটিতে ঠাঁই না পাওয়া বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।
অবিলম্বে ওই কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রলীগের অপর একটি অংশ এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা। বিক্ষোভ চলাকালে যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে।
এ সময় ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সাধারণত উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। কিন্তু নবগঠিত উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ষড়যন্ত্রমূলক ভাবে কমিটি করা হয়। এ ধরনের পকেট কমিটি দলের জন্য ক্ষতিকর। আমরা এ কমিটি বাতিল করে অবিলম্বে সম্মেলনের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করার দাবি জানাই। এ সময় নেতাকর্মীরা কিছুক্ষণ আঞ্চলিক মহাসড়কের উপর বসে পরে অবস্থান করে। পরে ওইস্থান থেকেই আগামীকাল সোমবার কমিটি বাতিলের দাবিতে মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বুধবার মেহেদী হাসান রানাকে সভাপতি ও সাইফুল বারী শান্তকে সাধারণ সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এসআর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/আরকেজি
