উপাচার্য প্যানেল নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকরা। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ।
তিনি বলেন, উপাচার্য ও তার তল্পিবাহক শিক্ষকরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান ও ক্ষমতা দীর্ঘায়িত করার সকল অপপ্রচেষ্টার প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করবো। এই কর্মসূচির নের্তৃত্ব দিচ্ছেন সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন।
এর আগে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। এছাড়া একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল।
ইত্তেফাক/আরকেজি
