মিরপুরে ১১ দিনের ব্যবধানে ২ বার আগুন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫১

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামে ১১ দিনের ব্যাবধানে একই বাড়িতে ২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে  চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে পরিবারটি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটায় উক্ত গ্রামের শুকুর আলী মন্ডলের বাড়ির খড়ির ঘরে আগুন লাগে। এই অগ্নিকাণ্ড পরে বাড়িময় ছড়িয়ে পড়লে  প্রায় লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়। ১১ দিন আগেও ৬ ফেব্রুয়ারি বাড়িটির গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাতে ২টি গরু পুড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে শুকুর আলী মন্ডলের ছেলে রেজাউল হক ফারুক মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে তদন্ত চলাকালীন সময়ে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি(তদন্ত)আজিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় রেজাউল হক ফারুকের অভিযোগ দাখিলের প্রেক্ষিতে এস আই মাফিজুর রহমানকে ঘটনাটি তদন্ত করতে দেয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু