নিজ বিভাগের শিক্ষককে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওই বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম, কামরুল হোসেন, ইমরান হোসেন, অপ্সরী ও আব্দুল হাকিম। বক্তারা বলেন, সমাজবিজ্ঞান বিভাগে যোগ্যতাসম্পন্ন চার সহকারী অধ্যাপক থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে না। যার কারণে স্থবির হয়ে পড়েছে বিভাগটি।
উপাচার্য বিভাগীয় প্রধান হওয়ায় যে কোন ধরণের সিদ্ধান্ত এমনকি প্রত্যয়নপত্রের একটি স্বাক্ষর করতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হচ্ছে। শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক সংকট নিরসনে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভাগটিতে সেশনজট বেড়ে যাচ্ছে। সমাবেশ থেকে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে সমাজবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগের দাবি জানায় শিক্ষার্থীরা। মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়।
ইত্তেফাক/এসএস
