জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষককে উপচার্যপন্থী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে এবং উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। সোমবার ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে বেলা ১১টায় থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ‘শিক্ষক সমাজ’র সহ-সভাপতি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, উপাচার্যের অনুসারী শিক্ষকরা বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ কয়েকজন শিক্ষককে ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে। আমরা উপাচার্যকে এসব হুমকির ব্যাপারে জানিয়েছি। তিনি কোন ব্যবস্থা নেননি। তাই এর প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি।’
এছাড়া তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য উপাচার্য প্যানেল নির্বাচনেরও দাবি জানান।
সাবেক উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, সিনেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এসএম বদিয়ার রহমান, মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কবিরুল বাশার, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ হোসনে আরাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০জন শিক্ষক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
ইত্তেফাক/আরকেজি
