ট্রাকের চাকায় প্রাণ গেল ঠেলাগাড়ি চালকের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২১
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জিল্লুর রহমান (৬০) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পাথর বোঝাই ট্রাকটি জব্দ করেছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরীর জেলখানা ঘাট থেকে পাথর বোঝাই করে ট্রাকটি বাংলাদেশ ব্যাংক মোড় ক্রস করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ঠেলাগাড়িকে ধাক্কা দিলে চালক জিল্লু ঘটনাস্থলেই নিহত হন।
 
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বাবু জানান, ট্রাকটি বাংলাদেশ ব্যাংকের মোড় দিয়ে ঘুরছিল। এ সময় ঠেলাগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হন। এ সময় ট্রাকটি পালানোর চেষ্টা করলে জেলা স্টেডিয়ামের সামনে থেকে জনতা ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করার পর পুলিশে সোপর্দ করে।
 
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, 'ঠেলাগাড়ি চালকের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/এসএস