একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কমিশনের নিয়ন্ত্রণে আছে পুলিশ, আমাদের কথা মানছে। কমিশনের নির্দেশনার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার-হয়রানি করছে না। গতকাল শনিবার কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে করণীয় বিষয়ে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন সিইসি।
বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে আপনারা প্রিজাইডিং কর্মকর্তাকে সহযোগিতা করবেন। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতি পালনে কাজ করবেন এসব ম্যাজিস্ট্রেট। শনিবার থেকে তিনদিনব্যাপি তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সাধারণত: প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকে। কিন্তু গতকাল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এর ব্যতিক্রম ঘটে। সাংবাদিকদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে ইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
প্রশিক্ষণে অংশ নেয়া কয়েকজন ম্যাজিস্ট্রেট জানান, দিনব্যাপি প্রশিক্ষণে সিইসিসহ পাঁচ কমিশনার ও ইসি সচিব বক্তব্য রাখেন। তারা আচরণ বিধি প্রতিপালনে নানান করণীয় দিক তুলে ধরেন। ওই প্রশিক্ষণে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে সবার জন্য সমান আইনের প্রয়োগ করতে হবে। মোঃ রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাজে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। কবিতা খানম বলেন, আপনাদের কাছে প্রার্থীর পরিচয় শুধুই একজন প্রার্থী। প্রতিটি ভোট কেন্দ্র আপনাদের রক্ষা করতে হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টারে দলের প্রধানদের ছবি থাকবে। কিন্তু যেহেতু বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া ও তারেক রহমান দন্ডিত, পোস্টারে তাদের ছবি থাকতে পারবে কী না সে বিষয়ে পরে আপনাদের জানানো হবে।
কমিশনের নির্দেশনা মানলেও সরকারের নির্দেশ পুলিশ পালন করছে কি না জানতে চাইলে সিইসি বলেন, সরকারের দিক থেকে কোন নির্দেশনা নেই। নির্বাচনের বিষয়ে কমিশনের নির্দেশই মাঠে যায়, পুলিশ সে অনুযায়ীই কাজ করে।
