যৌথভাবে শীর্ষে রশিদ-বুমরাহ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৪
যৌথভাবে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগানিস্তানের তরুণ লেগ-স্পিনার রশিদ খান ও ভারতের ডান-হাতি পেসার জসপ্রিত বুমরাহ। আজ খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে রেটিং ৭৮৭ করে সমান হওয়ায় যৌথভাবেই র‌্যাংকিং-এর শীর্ষে বসে আছেন রশিদ ও বুমরাহ।
 
মাত্র ১৯ বছর ১৫৩ দিনে র‌্যাংকিং-এর শীর্ষে উঠলেন রশিদ। সবচেয়ে কম বয়সী হিসেবে কোন খেলোয়াড়ের শীর্ষে উঠার নজির এটি। 
 
গতরাতে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ উইকেট শিকার করেছেন রশিদ। দলের সিরিজ জয়ের পেছনে বড় অবদান রেখেছেন তিনি। তাই সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন রশিদ। সিরিজের ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করেছেন এই তরুণ তুর্কি। পঞ্চম ও শেষ ওয়ানডেতে দশ নম্বরে ব্যাট হাতে নেমে ৩টি করে চার ও ছক্কায় ২৯ বলে ৪৩ রান করেন তিনি। এমন বোলিং-ব্যাটিং’র উজ্জল পারফরমেন্সে আইসিসি অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রশিদ। 
 
সদ্যই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেন ভারতের কোহলি। ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে কোন দ্বিপক্ষীয় সিরিজে ৫শ’ বা তার বেশি রানের বিশ্বরেকর্ড গড়েন কোহলি। তাই ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষস্থান আরও পাকাপোক্ত করে রেটিং ৯শ পার করেন তিনি। টেস্টের মত ওয়ানডেতেও ৯শ রেটিং সংগ্রহে আছে কোহলির। এখন পর্যন্ত এমন অর্জনের স্বাদ নিয়েছেন বিশ্বের পাঁচ ব্যাটসম্যানের। দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের পর কোহলিই দ্বিতীয় ব্যাটসম্যান টেস্ট-ওয়ানডেতে ৯শ’ রেটিং অর্জন করেছেন। 
 
টেস্টে ৯১২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে কোহলি। ওয়ানডেতে তার রেটিং ৯০৯। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজেরই আরেক কিংবদন্তি ভিভ রিচার্ডস। তার রেটিং ৯৩৫। বর্তমানে এই তালিকায় সপ্তমস্থানে রয়েছেন কোহলি। কোহলির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতেরই শিখর ধাওয়ান। ৬ ম্যাচে ৩২৩ রান করেছেন তিনি। তাই ছয় ধাপ এগিয়ে র‌্যাংকিং-এর চতুর্থ স্থানে উঠে এসেছেন ধাওয়ান। 
 
এছাড়াও বল হাতে দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্য পাওয়ায় র‌্যাংকিং-এ বড়সড় উন্নতি হয়েছেন ভারতের চাহাল ও কুলদীপের। চাহাল ১৬ উইকেট নিয়ে ২১তম স্থান থেকে অষ্টমস্থানে উঠে এসেছেন। আর প্রোটিয়া সফরে সর্বোচ্চ উইকেট শিকারী কুলদীপ ৪৭তম স্থান থেকে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে ১৭ উইকেট শিকার করেন কুলদীপ। বাসস।
 
ইত্তেফাক/ রেজা