প্রকৃতির সান্নিধ্যে ভিন্ন আবহে বাংলা নববর্ষকে বরণ করলো সিঙ্গাপুর প্রবাসী বাঙালিরা। রবিবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের আয়োজনে ল্যাবরাডর নেচার রিজার্ভ পার্কে এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নববর্ষকে স্বাগত জানাতে অনুষ্ঠানস্থল ঐতিহ্যবাহী আল্পনা ও নকশা অঙ্কিত বোর্ড দিয়ে সাজানো হয়। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগদান করেন। পাশাপাশি দুই শতাধিক অতিথির অংশগ্রহণ এবং উৎসবের আমেজ পার্কে ভ্রমণ করতে আসা বিদেশী দর্শকদের বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী করে তোলে।
হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং তার সহধর্মিণী তানজিনা বিনতে আলমগীর অতিথিদের স্বাগত জানান এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে বর্ষবরণ অনুষ্ঠানকে বাঙালীর অসাম্প্রদায়িক চেতনার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি ইউনেস্কো কর্তৃক বাংলা নববর্ষ পালনের অন্যতম প্রধান অনুসঙ্গ 'মঙ্গল শোভাযাত্রা' কে বিশ্ব-ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সহযোগে অনুষ্ঠানে লোকগীতি, দেশাত্ববোধক গান ও জাগরণী সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয় হাই কমিশনের পক্ষ থেকে। খাবারের তালিকায় পান্তাভাত, খিচুড়ি, রুই মাছ, বিভিন্ন পদের মাংস, ভর্তা, ভাজি, রকমারী পিঠা, পায়েস, মিষ্টান্ন, ঝাল মুড়ি, খই, মোয়া, জিলাপী, পান-সুপারী সহ আরও কয়েকটি পদ ছিল। অনুষ্ঠান শেষে হাই কমিশনার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

ইত্তেফাক/জেডএইচডি
