মাল্টায় শহীদ মিনার স্থাপনের উদ্যোগ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮
এই প্রথমবারের মত ভূমধ্যসাগরে দ্বীপ রাষ্ট্র মাল্টায় শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছে গ্রিসের এথেন্থ বাংলাদেশ দূতাবাস। মাল্টায় সমবর্তী দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন গত ১৮ ফ্রেব্রুয়ারি মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমসিদা সিটি কর্পোরেশনের মেয়র মার্গারেট বাদাচিনো সেফাই  এবং  গিজিরা সিটি কর্পোরেশনের মেয়র কনরাড বর্জ মানষে। 
 
বাংলা ভাষায় কথা বলার অধিকার সংরক্ষণে বায়ান্নর অকুতভয় মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেন, প্রতিটি মানুষের দায়িত্ব ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভাষা বৈচিত্র সংরক্ষণ ও বিলুপ্তপ্রায় ভাষা রক্ষার কাজে অবদান রাখা। মাল্টায় শহীদ মিনার স্থাপিত হলে সে দেশের মানুষের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরাও ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ধারণা অর্জনে সক্ষম হবে।
IMG0
ভ্রাতৃপ্রতিম দু’দেশের সম্পর্কোন্নয়নেও এই ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে ইমসিদা এবং গিজিরা সিটি কর্পোরেশনের মেয়ররাও বক্তব্য রাখেন। তারা মাল্টায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শহীদ মিনার স্থাপনে বাংলাদেশের হাইকমিশনারের প্রস্তাবে তারা গভীর আগ্রহ প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে ক্লাব ইন মাল্টার প্রেসিডেন্ট মশিউর রহমান।
 
ইত্তেফাক/ইউবি