নেত্রকোনায় সংঘর্ষে আহত ২০

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২
 
খালিয়াজুরী উপজেলার বেকির বিল জলাশয় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ ১১ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।
 
পুলিশ জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে একই ইউনিয়নের এডভোকেট মোহন তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বেকি বিল জলামহাল দখলকে কেন্দ্র করে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টার দিকে ওই জলমহাল নিয়ন্ত্রণকে ঘিরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
 
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানান, জলাশয়ে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।
 
ইত্তেফাক/আরকেজি