সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় শহীদ দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ও কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 
স্থানীয় সময় বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত।  এ সময় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতা ও প্রবাসী বাংলাদেশীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
 
এ ছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে কাউন্সলর ড. ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় দূতাবাস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর পটভূমি ও তাৎপর্যের ওপর আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিটির নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
 
আলোচনা অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় ঢাকা মেডিক্যাল সেন্টার প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন করে।
IMG0
জেদ্দায় বাংলাদেশ সরকারের জাতীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কর্তৃক ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮’ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হয়েছে। প্রথম পর্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 
 
এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত, কনস্যুলেট প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং কনস্যুলেট মসজিদে পবিত্র কোরান খানির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, সকল স্তরের প্রবাসী বাংলাদেশি ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। ইউনেস্কো এ অনন্য ঘটনাকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয়ায় আজ সারা পৃথিবীতে দিবসটি পালিত হচ্ছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি