স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪
যথাযোগ্য মর্যাদা, গুরুত্ব ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু হয়। বিকেলে দিবসটি উদযাপন লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সুইডেনের তুষারাচ্ছন্ন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
 
পবিত্র কুরআন হতে তিলাওয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীরবানী পাঠ করা হয়। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে আগত সকল অতিথি রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ৫২’র ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
পুষ্পস্তবক অর্পণের সময় নেপথ্যে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ শিরোনামেএকুশের কালজয়ী গানটি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রনালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ কর্তৃক প্রযোজিত একটি সৃজনশীল, মনোমুগ্ধকর অডিও ভিজ্যুয়াল প্রদর্শিত হয়যেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল সুরটি যথার্থভাবে অনুরণিত হয়েছে। সেই সাথে প্রদর্শিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচিত গ্রীক শিল্পী কর্তৃক পরিবেশিত একটি ইংরেজি গান যার রচয়িতা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক তরুণ কর্মকর্তা। 
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মুক্ত আলোচনা পর্বে স্থানীয় কমিউনিটির উপস্থিত বক্তাগণ মহান শহীদ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষার জন্য বাঙালিদের আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক দিবসটির স্বীকৃতিএবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও সর্বোপরি স্বাধীনতা অর্জনে অমর একুশের সুদূরপ্রসারী প্রভাবের দিকসমূহ নিয়ে আলোচনা করেন।
 
ইত্তেফাক/ রেজা