কে হচ্ছেন জাবির ৪০তম ব্যাচের রাজা-রাণী?

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তনের শিক্ষা সমাপনী (র‌্যাগ) অনুষ্ঠানের রাজা-রাণী নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে জাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ‘রাজা-রাণী নির্বাচন-২০১৮’র প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হুসাইন।
 
তিনি বলেন, সুনির্দিষ্ট বিধিমালা ও আচরণ বিধির ভিত্তিতেই এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ সেশনে ভর্তিকৃত স্নাতক শেষ করা সকল শিক্ষার্থী ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পরে গনণা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
 
নির্বাচনে রাজা- পদে ৩জন ও রাণী পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ফার্মেসি বিভাগের এএসএম মাহবুবুল আলম, লোক প্রশাসন বিভাগের মো. ইমরান হোসাইন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আবু কাওছার। এছাড়া রাণী পদে প্রাতিদ্বন্দ্বিতা করছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের যারীন তাসনিম প্রতিতী ও রসায়ন বিভাগের কাজী সায়মা বানু। তবে রাজা পদে আবু কাওছার মৌখিক ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা যায়।
 
এদিকে শেষ মুহুর্তে রাজা রাণী নির্বাচনকে কেন্দ্র  উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এ নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদেরও রয়েছে ব্যাপক আগ্রহ। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আর কে বা পড়ছেন এই প্রতীকী রাজা-রাণীর মুকুট। রাজা-রাণী নির্বাচন শেষে উৎসবের অন্যান্য কার্যক্রম শুরু হবে বলে জানান উৎসব কমিটির কোষাধ্যক্ষ নাহিদ হোসেন।
 
ইত্তেফাক/আরকেজি