পোলো টি-শার্ট

গরমেও স্মার্ট

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:৫২

 

n  মাহমুদ রকি

 

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনপ্রেমীদের পোশাকেও আসে নানা পরিবর্তন। কেননা পোশাক ব্যক্তিত্বকে তুলে ধরে। আর তাই সবাই চায় পোশাকে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে। তবে কোন ঋতুতে বা কোন আবহাওয়ায় কী ধরনের পোশাক পরতে হবে, তা নিয়ে প্রতিনিয়তই ভাবতে হয় ফ্যাশনপ্রেমীদের। এখন বেশ গরম পড়ছে। তাই গরমে আরাম পেতে সবাই এখন হাত বাড়াচ্ছেন হালকা পোশাকের দিকে। এ সময় তাই জনপ্রিয় হয়ে উঠেছে নিত্যনতুন ডিজাইনের ফ্যাশনেবল পোলো টি-শার্ট। চলতে ফিরতে আরাম তো বটেই, পোলো টি-শার্টগুলো রঙেও ছড়াচ্ছে রংধনু। আসলে গরমে পোলো টি-শার্ট যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবল। আরামদায়ক এ পোশাক পরা যায় যেকোনো বয়সেই। ক্যাজুয়াল তো বটেই, সেমি ফরমাল হিসেবেও ব্যবহার করতে পারেন পোলো টি-শার্ট। নানারকম আনুষ্ঠানিকতা থেকে অফিস কিংবা বন্ধুদের আড্ডাতেও মানিয়ে যায় এ পোশাক। পোলো টি-শার্টের রঙের বৈচিত্র্যেও হয়ে উঠতে পারেন স্টাইলিশ। এ কারণে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণসহ সব বয়সের ফ্যাশনপ্রিয় মানুষের কাছে এ সময়ে জনপ্রিয় পোশাক হলো পোলো টি-শার্ট। এখনকার তরুণদের কাছে হালকা গড়নের হাতে রাবার ছাড়া কাফ পোলো টি-শার্ট বেশ প্রাধান্য পাচ্ছে। যে গড়নের শরীর হোক না কেন, ঢিলেঢালা না পরে স্মার্টনেস পেতে বেছে নিন ফিট কিংবা সেমি ফিট পোলো টি-শার্ট। প্লাস পয়েন্টের কর্ণধার ও ডিজাইনার সাইফুল ইসলাম বিপুল বলেন, ‘গরমে স্টেচিং নিট কাপড়ের পোলো টি-শার্ট আরামদায়ক। টিন ছেলেদের জন্য পোলো টি-শার্টের সঙ্গে পাতলা ডেনিম বা কালার টুইস্ট জিন্স প্যান্টের সঙ্গে ম্যাচিং পোলো টি-শার্ট গরমে আরামদায়ক ও ফ্যাশনেবল হবে। তরুণ কিংবা মাঝবয়সীদের জিন্সের সঙ্গে গ্যাবার্ডিন দিয়েও পোলো পরলেও ভালো দেখাবে।’

বৈচিত্র্যে পূর্ণ 

ব্র্যান্ডভেদে পোলো টি-শার্টের কাপড় ও বোতামের ডিজাইনে রয়েছে ভিন্নতা। ডিজাইনে স্ট্রাইপ ও এক কালার যেমন রয়েছে, তেমনি কোনো কোনো পোলো টি-শার্টে তিন থেকে চারটি বোতামও দেখা যায়। কোনোটিতে আবার দুই বা তিনটি বোতামও রয়েছে। বোতামহীন পোলো টি-শার্টের কদরও বেশ। বর্তমানে বোতামের ডিজাইন বৈচিত্র্যে এগিয়ে রয়েছে মেটালের বোতাম। নতুনত্ব আনতে গলায় ও কাঁধে যোগ করা হচ্ছে বাড়তি নকশা।

রঙের বাহারে

রঙই যেন পোলো টি-শার্টকে করে তোলে গর্জিয়াস। লাল, নীল, কলাপাতা সবুজ, বাসন্তি, ম্যাজেন্টাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পোলো টি-শার্টের সঙ্গে জিন্স কিংবা গ্যাবার্ডিন পরে আপনি ক্যাজুয়াল সাজেও হয়ে উঠতে পারেন গর্জিয়াস। উজ্জ্বল রঙের পাশাপাশি পোলো টি-শার্টে রয়েছে সাদা, ঘিয়া, বাদামি, হালকা লেবুরঙসহ বিভিন্ন ধরনের শুভ্র রঙও। মনমাতান সব রঙের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপও। এক রঙের পাশাপাশি স্ট্রাইপ পোলো টি-শার্টও বেশ জনপ্রিয়।

গরমে আরাম

গরমে স্ট্রেচিং নিট কাপড়ের পোলো শার্টই সবচেয়ে আরামদায়ক। ১১০ থেকে ১৫০ জিএসএমের নিটেড শার্ট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এ কাপড়ের ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। সুতি কাপড়ের পোলো যেমন আরামদায়ক, তেমনি তাপ নিরোধক। বেশি তাপ শোষণ করে বলে গরমের সময়টাতে কালো রং এড়িয়ে যাওয়াই ভালো।

কোথায় পাবেন

প্লাস পয়েন্ট, ওটু, ইজি, লা রিভ, ইনিফিনিটি, অঞ্জন’স,ক্যাটস আইসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন আপনার পছন্দের পোলো টি-শার্ট। এছাড়াও পাবেন রাজধানীর আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা শপিংমল, যমুনা ফিউচার পার্ক, বঙ্গবাজার ও নিউমার্কেটে।

দরদাম

ব্র্যান্ডের পোলো টি-শার্ট পাওয়া যাবে ৯৫০ থেকে ৩ হাজার টাকায়। আর নন-ব্র্যান্ডের পোলো পাওয়া যাবে ৩৫০ থেকে ৮০০ টাকার মধ্যেই।

মডেল        নিশান ও সুফল

পোশাক      প্লাস পয়েন্ট

ছবি          রায়হান চৌধুরী