প্রতিদিনের খাবারের স্বাদে ভিন্নতা আনতে মাঝেমধ্যে পরিবারের সদস্যদের জন্য আপনি বিশেষ আইটেমের খাবার তৈরি করতে পারেন। ভিন্ন স্বাদের তেমন ৪টি রেসিপি দিয়েছেন দ্য অলিভ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ মেহেদী হাসান মারুফ
ইলিশ খিচুড়ি
উপকরণ :ইলিশ মাছ ১টি, চিনি গুঁড়া চাল ৭০০ গ্রাম, মুগ ডাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১৫০ গ্রাম, আদা ও রসুন বাটা ৫০ গ্রাম, হলুদ ও মরিচের গুঁড়া ২৫ গ্রাম, সয়াবিন তেল ১০০ মিলি, ঘি ১০০ মিলি, গরম মসলা ৫০ গ্রাম, লবণ স্বাদমতো।
প্রণালি :প্রথমে কাটা ইলিশ লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে তেলে ভেজে নিতে হবে। মুগ ডাল ভেজে নিতে হবে। ধোয়া চাল একটি পাত্রে নিয়ে সামান্য তেল, ঘি দিয়ে ভাজতে হবে। এরপর গরম মসলা, পেঁয়াজ কুঁচি, আদা বাটা সামান্য ভেজে পরিমাণমতো পানি দিয়ে ভাজা মুগ ডাল ও ভাজা ইলিশ মাছ মিক্স করে ৫টি কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করতে হবে।
গাজরের লাড্ডু
উপকরণ :গাজর ৫০০ গ্রাম, গুঁড়া দুধ ১০০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা, ঘি ১০০ গ্রাম, জাফরান ১ গ্রাম
প্রণালি :প্রথমে একটি পাত্রে ঘি ঢেলে এর মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে গরম করে এর সঙ্গে গাজর কুঁচি, চিনি, গুঁড়া দুধ, জাফরান একসঙ্গে রান্না করে নিতে হবে। এরপর ঠাণ্ডা করে লাড্ডু বানিয়ে নিতে হবে।
মেজবানি গরুর মাংস
উপকরণ :গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১৫০ গ্রাম, বাদাম বাটা ৫০ গ্রাম, সরিষার তেল ১০০ মিলিগ্রাম, গরম মসলা গুঁড়া ৫০ গ্রাম, জয়ফল ১টি, টক দই ১৫০ গ্রাম, হলুদ মরিচের গুঁড়া ৫০ গ্রাম।
প্রণালি :একটি পাত্রে সকল উপকরণ একসঙ্গে মিশিয়ে করে ৯০ থেকে ১০০ মিনিট পর্যন্ত রান্না করতে হবে। এরপর মেজবানি মসলা দিয়ে বাগাড় দিতে হবে।
খাসির মগজ ভুনা
উপকরণ :খাসির মগজ ৫০০ গ্রাম, ১৫০ গ্রাম পেঁয়াজ কুঁচি, আদা ও রসুন বাটা ১০০ গ্রাম, সয়াবিন তেল ১০০ গ্রাম, গরম মসলার গুঁড়া ২৫ গ্রাম, কাঁচা মরিচ ৫টি, হলুদ ও মরিচের গুঁড়া ২৫ গ্রাম, লবণ স্বাদমতো।
প্রণালি :একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি, আদা ও রসুন বাটা, গরম মসলা, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে তেজপাতা হালকা ভেজে খাসির মগজ মিক্স করে ২৫-৩০ মিনিট পর্যন্ত রান্না করতে হবে।
