নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাসচাপায় দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার রানী গ্রাম এলাকার দশ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের ইয়াকুবের ছেলে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির রাকিব (১৫), একই গ্রামের বাসিন্দা মালেক সোনারের ছেলে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হাকিম (১৬) ও মশিন্দা মাঝপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ওয়ার্কসপ শ্রমিক বায়েজিদ (১৫)। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়। তবে আগুনে বাস যাত্রীদের হতাহতের খবর পাওয়া যায়নি।
IMG0
বনপাড়া হাইওয়ে থানার (ওসি) জিএম শামসুন নূর জানান, ওই তিন কিশোর মোটরসাইকেলে দশ নম্বর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন কিশোর নিহত হয়। এ সময় মোটরসাইকেল থেকে সৃষ্ট আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে গুরুদাসপুর, নাটোর ও বড়াইগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
