খাশোগি হত্যায় সিআইএর প্রতিবেদন বিশ্বাসযোগ্য নয়

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০০:৩২

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিবেদন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সিনিয়র সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল। গতকাল শনিবার আবুধাবিতে সাংবাদিকদের এই কথা বলেন তুর্কি আল-ফয়সাল। খবর রয়টার্সের

গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুবরাজই যে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত সিআইএ জানায়নি। সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেন, সিআইএর তদন্ত বিশ্বাসযোগ্য নয়। তারা সার্বিক পরিস্থিতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেনি। ফলে তাদের তদন্ত নিয়ে সন্দেহ থেকেই যায়। তিনি সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে তিনি দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রিন্স আবুধাবিতে নিউ ইয়র্ক ভিত্তিক বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বলেন, সিআইএ ইরাকে রাসায়নিক অস্ত্র থাকার দাবি করেছিলো। এরপর যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাকে হামলা করে। কিন্তু সেই রিপোর্ট পরে মিথ্যা প্রমাণিত হয়। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। গত ২ অক্টোবর জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদ কনস্যুলেটে হত্যার শিকার হন। এতে যুবরাজের জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে সৌদি আরবের সরকার।