মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা নববর্ষ পালন করতে হবে: কৃষিমন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৮:৫৩

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংস্কৃতির ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলা নববর্ষ পালন করতে হবে। আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগে গ্রামে নববর্ষ পালন করা হতো। গ্রামে তখন হালখাতার মাধ্যমে নববর্ষের সূচনা হতো এবং সবাই উৎসবে মেতে উঠতো। আস্তে আস্তে এ উৎসবের আনুষ্ঠানিকতা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে। এখন গ্রাম বাংলার সবাই পারিবারিকভাবে নববর্ষ পালন করছে।

তিনি বলেন, আমাদের এ উৎসবকে পাকিস্তানিরা ভালোভাবে দেখতো না। বাঙালির চেতনা বাংলা নববর্ষ উদযাপনে বাধা দেওয়া হতো। এমনকি পহেলা বৈশাখের ছুটিও তারা তুলে দেয়।

কৃষিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নববর্ষের চেতনা আমাদের স্বাধীনতার চেতনার সাথে মিশে আছে। এখানে ধর্মীয় বিষয়াদির সাথে বর্ষবরণকে জড়ানো ঠিক নয়। এ উৎসব সবার।

নতুন বছরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণ সমাজ ধারুণভাবে এগিয়ে আসছে। তারা বাঁশের বাঁশি বাজিয়ে নববর্ষ পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখছে। এটাই বাঙালির চেতনা, বাঙালির ঐতিহ্য।

আরো পড়ুন: সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোছাম্মৎ নাজমানারা খানম বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমআই