এবারের বইমেলায়ও বেস্ট সেলার বইয়ের সঙ্গে জড়িয়ে থাকলেন হুমায়ূন আহমেদ! তবে তার লেখা নয়, শোয়েব সর্বনামের লেখা ‘শাওনের বয়ানে হুমায়ূন’ বইটি ইতিমধ্যেই বেস্ট সেলার বলে জানিয়েছেন হুমায়ূন আহমেদের বন্ধু ও অবসর প্রকাশনীর প্রকাশক আলমগীর রহমান।
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ আগাগোড়াই রহস্য তার ভক্তদের কাছে। মৃত্যুর এতদিন পরেও এতটুকু আগ্রহ কমেনি তাকে নিয়ে। তাই লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনের দীর্ঘ সাক্ষাত্কার নিয়ে ভক্তদের সেই ক্ষুধা কিছুটা নিবারণের চেষ্টা করেছেন শোয়েব সর্বনাম। আর শাওন যেন সব উজার করে সহায়তা করেছেন এই বইয়ের লেখককে।
IMG1
বইটি সম্পর্কে বলতে গিয়ে ১৯৯৬ সালে লেখা হুমায়ূন আহমেদের একটি কবিতা উদ্ধৃত করেন শাওন। সেখানে তিনি দাবি করেছেন, এই কবিতাটি কেউ জানেনা। কিন্তু আমার কাছ থেকে সেই কবিতাটিও বের করবার দুঃসাহস দেখিয়েছেন শোয়েব।
IMG0
তিনি বলেন, হুমায়ূন আহমেদকে নিয়ে যে কথাগুলো অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম হয়ত কখনোই কাউকে বলা হবেনা, সাক্ষাত্কার দেয়ার সময় সেই কথাগুলোও বলা হয়ে গেছে। বইটি হুমায়ূন ভক্তদের ক্ষুধা নিবারণে কিছুটা হলেও সহায়তা করবে।
বইটির ভূমিকায় মেহের আফরোজ শাওন লেখেন, ‘শোয়েব সর্বনাম একজন বিরক্তিকর মানুষ। যে পরিমাণ যন্ত্রণা ইন্টারভিউ নেয়ার সময় তিনি আমাকে দিয়েছেন, সেটার জন্য তিনি ‘শ্রেষ্ঠ যন্ত্রণাদায়ক ২০১৮’ পুরস্কার পেয়ে যেতে পারেন। তিনি বেশ বুদ্ধিমানও বটে! ‘চালাক’ শব্দটাও ব্যবহার করা যায়! তা না হলে সূক্ষ্ণ সূক্ষ্ণ প্রশ্ন করে আমার মুখ থেকে হুমায়ূন-শাওন সম্পর্কে এত কথা বের করে নিলেন কীভাবে? আসলেই... হূদয়ের গোপন কুঠুরিতে সযত্নে জমিয়ে রাখা কিছু গল্প কীভাবে যেন সামনে চলে আসল...সর্বনামকে ধন্যবাদ। সাদাকালো এই পৃথিবীতে আমার কিশোরীবেলার রঙিন স্বপ্নের দিনগুলিকে ছবির মতো করে আমার সামনে তুলে ধরার জন্য।’
বইটি সম্পর্কে শোয়েব সর্বনাম বলেন, ‘বইটিতে হুমায়ূন আহমেদের অনেক অপ্রকাশিত তথ্য রয়েছে। পাঠক অনেক কিছু জানতে পারবে। আমি শাওনের কাছে ঋণী। তিনি আমাকে সময় দিয়েছেন।’
শোয়েব সর্বনাম পেশায় সাংবাদিক। এর আগে শিশুসাহিত্য ‘কলা ছবি আঁঁকে’ এবং ফিকশন বই ‘বাংলা বই’ প্রকাশ করেছেন। ‘শাওনের বয়ানে হুমায়ূন’বইমেলার অবসর প্রকাশনীর ১৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। দাম ২৫০ টাকা। তবে বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে বই।
ইত্তেফাক/এএম
