আফ্রিদির অবিশ্বাস্য ক্যাচ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫
একটি ক্যাচ কীভাবে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে, তার অজস্র নিদর্শন আছে ক্রিকেটে। বর্তমানে যখন প্রতিটি দলই ফিল্ডিংয়ের উন্নতিতে জোর দিচ্ছে, তখনও খারাপ ফিল্ডিংয়ের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বদনাম রয়েই গিয়েছে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারেরাও যে ফিল্ডার হিসেবে খুব মন্দ নন, তা ৩৭ বছর বয়সেও দেখিয়ে দিলেন শাহিদ আফ্রিদি।
 
শুক্রবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ম্যাচ চলছিল করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের মধ্যে। আর এই ম্যাচেই দারুণ এক ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন আফ্রিদি। কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের ইনিংসের ঘটনা। মোহাম্মদ ইরফানের লেন্থ বলকে বাঁহাতি ব্যাটসম্যান উমর আমিন গ্যালারির বাইরে পাঠানোর চেষ্টা করলে সেই বলকে লাফিয়ে এক হাতে তালুবন্দি করেন আফ্রিদি। ক্যাচ নিতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেললেও বলকে ছুড়ে দিয়ে ফের মাঠের ভিতর ঢুকে ধরে নেন সেই ক্যাচ। 
 
 
 
শহিদ আফ্রিদির এই ক্যাচের পর তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরা। এক সমর্থক লেখেন, ‘সত্যিই বয়সটা শহিদের কাছে কোনও ফ্যাক্টর নয়। অভিষেকের ২১ বছর পরও সমর্থকদের বিনোদন আর আনন্দ দিয়ে চলেছেন আফ্রিদি। ওই করাচির আসল রাজা!’ আরেকজন ২০০৯ সালে নেওয়া আফ্রিদির একটি ক্যাচের প্রসঙ্গ তুলে এনে বলেন, ‘শহিদ আফ্রিদির এই দিনের ক্যাচ আমাকে ২০০৯ সালে নেওয়া লালার একটি ক্যাচের কথা মনে করিয়ে দিল।’
 
ইত্তেফাক/কেআই