রাজশাহীর পুঠিয়ায় অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)’ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার ভোরে উপজেলার জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শরিফুল ইসলাম ওরফে শরিফ (৪৫), জাকারিয়া হোসেন ওরফে জাক্কার (৪৩) ও আতাউর রহমান ওরফে আহসান হাজি। শরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। আতাউর ও জাকারিয়া একই উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তারা প্রশিক্ষিত জঙ্গি বলে র্যাব জানিয়েছে। জঙ্গিদের রবিবার বেলা ১১টার দিকে র্যাব-৫ এর সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক মাহাবুবুল আলম বলেন, তিন জঙ্গির কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০ গ্রাম গানপাউডার, তাতাল, বৈদ্যুতিক তার, রাং তার, স্কচটেপ, ৫০ গ্রাম সোডা ও সমপরিমাণ চুন। এ ছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে জিহাদী বই, একটি বড় ছুরি, একটি টিআইইডি, চাঁদা আদায়ের ৭টি রশিদ ও চারটি মোবাইল।
তিনি আরো বলেন, এ তিন জঙ্গিকেও জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
