কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
দাবিগুলো হলো- কোটা পদ্ধতি সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্যপ্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া, চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুচিতা রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সালাহউদ্দিন সায়েম, বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী গোলাম মোরশেদ, ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী মমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাথী মোমিন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইন্দ্রজিত কুমার, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তান খাদিজা ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
