সুফি সংগীতের আসরে মুগ্ধ শ্রোতা-দর্শক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:২৭

ভারতীয় সংগীত শিল্পী সুফি বাওরা  তার গানের সুরে মাতালেন শ্রোতা-দর্শকদের। তিনি শুরুটা করেন খোদাপ্রেমের বন্দনা দিয়ে। প্রায় ২৩ মিনিটের বেশি সময় ধরে ‘আল্লাহু আল্লাহু’ গানটি পরিবেশন করেন। শুরুতেই মাত করে দেন এই গানটি দিয়েই। এরপর গাইলেন বহু জনপ্রিয় গান। সুফিবাদের ওপর নির্ভর করে নিজ ঘরানায় গাইলেন সেই ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটি। তুমুল জনপ্রিয় গানটি আবার নতুন করে শুনলেন বাংলা দর্শক শ্রোতারা।  মাঝে তিনি ওস্তাদ আমির খসরুর কয়েকটি ‘শের’ (উর্দু কবিতা) এর অংশবিশেষ পরিবেশন করেন আমন্ত্রিত অতিথিদের সম্মানে। গতকাল গুলশানে ভারতীয় হাইকমিশন হাউসে সোয়া এক ঘণ্টাব্যাপী আয়োজনে খোদাপ্রেম ছাড়াও মানবপ্রেমের বিভিন্ন রস সুফি বাওরা তার দরাজ গলায় পরিবেশন করেন।

গানের ফাঁকে বাংলাদেশের শ্রোতাদের কাছে সুফিবাদ গানের বিভিন্ন দিক তুলে ধরেন শিল্পী। তিনি শেষ করেন সুফি ঘরানার গুরু বন্দনা দিয়ে।

চমত্কার সুফি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সুফি বাওরা ও তার দলকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, শুধু ভারত কিংবা বাংলাদেশে নয়, ‘উপমহাদেশের বিভিন্ন দেশে জনপ্রিয় সংগীত এটা। অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, ইন্ডিয়ান  ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে সাক্সেনা, মিডিয়া অ্যাটাশে রঞ্জন মন্ডল, নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জে  এস নন্দা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু