সখীপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৫
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন গ্রামের উপর দিয়ে গতকাল রবিবার রাতে মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ওই ঝড়ে বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর দুমড়ে-মুচড়ে যায়। গাছপালা উপচে পড়েছে। আম-লিচু গাছের মুকুল ঝরে গেছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
কালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রাজ্জাক ধলা ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, কচুয়া, সাড়াসিয়া, বাসারচালা, আড়াইপাড়া, ভণ্ডেশ্বরপাড়া, চাম্বলতলাসহ কয়েকটি গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা, কলাবাগান, পেঁপে বাগান, পোল্ট্রিখামারের ঘর ভেঙ্গে পড়েছে। বনবিভাগের বহেড়াতৈল রেঞ্জের কচুয়া বনবিট কর্মকর্তা আলাল খান বলেন, ঝড়ে এ বিটের অধীনে ২০০৫-০৬ সালের সৃজিত উডলট বাগানের (সামাজিক বনায়ন) ব্যাপক ক্ষতি হয়েছে। ওইসব বাগান টেন্ডার হওয়ায় কাটার আগেই ঝড়ে অধিকাংশ গাছের মাঝ অংশ ভেঙে পড়েছে। এতে অংশীদারিত্ব, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারের রাজস্বের প্রায় দুইকেটি টাকার ক্ষতি হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস