কোটা সংস্কারের দাবিতে কুবিতে মানববন্ধন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৯
চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে কাঁঠাল তলায় মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, 'বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন কোটা দেওয়া হচ্ছে, তাতে প্রকৃত মেধাবীরা অন্যায়ের শিকার হচ্ছেন। তাই আমাদের দাবি, মেধার ভিত্তিতে অন্তত ৯০ শতাংশ নিয়োগ দেওয়া হোক। বাকি ১০ শতাংশ নিয়োগ কোটা ব্যবস্থার মাধ্যমে দেওয়া যেতে পারে।'
 
মানববন্ধনে শিক্ষার্থীরা কোটাব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিকবার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেওয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন দাবি জানান।
 
ইত্তেফাক/এসএস