ভারতের দিল্লি পুলিশ জানিয়েছে যে, তারা ‘বাংলাদেশি ডাকাত চক্র’ এর তিন সদস্যকে আটক করেছে। এই ডাকাত চক্রটি দিল্লি, বেঙ্গালুরু ও কোটায় ডাকাতি করতো। পাশাপাশি হত্যা এবং সুযোগ পেলে ধর্ষণও করতো। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
দিল্লি পুলিশের এডিশনাল কমিশনার অব পুলিশ (ক্রাইম) রাজীব রঞ্জনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে ডাকাত দলের সদস্যরা দিল্লির দক্ষিণ-পূর্বে তৈমূর নগরের কোনো একটি বাড়িতে হানা দেওয়ার অপেক্ষায় ছিল। এই তথ্য পেয়ে ওই এলাকার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়ে আত্মসমর্পণ করতে বললে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় পুলিশও পাল্টা গুলি চালায়। রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটে। আটক তিনজনের মধ্যে পায়ে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কিছু গুলি এবং ঘরের তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
