ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। ভোট গ্রহণের মধ্য দিয়ে দুইদিন এই নির্বাচন শুরু হবে আজ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারবেন। বরাবরের মতো এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ২৭টি পদে ৫৫ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ২৭ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৭ জন রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী একজন।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে খোন্দকার আবদুল মান্নানকে মনোনীত করা হয়েছে। তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি ছাড়া আরও ২০ জন কমিশনার দায়িত্ব পালন করছেন। এবার কমিশনে ১৮০ জন সাধারণ সদস্য রয়েছেন। আজ ও কাল দুই দিনব্যাপী ১২০টি বুথে ভোট গ্রহণ চলবে।
কমিশনের তথ্য অনুযায়ী, এবার আইনজীবী সমিতির হিসাবমতে মোট ২২ হাজার ২৫ জন সদস্যের মধ্যে ১৬ হাজার ১২৯ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
ঢাকা বারের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোন প্যানেলে কোন কোন পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেমতে সাদা প্যানেলে সভাপতি পদে প্রার্থী আবদুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন এবং নীল প্যানেলের সভাপতি পদে প্রার্থী গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান লড়ছেন।
ইত্তেফাক/কেকে
