স্মিথ-ওয়ার্নার ফিরলেন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:১৪

নেই হ্যাজেলউজড-হ্যান্ডসকম্ব!

 স্পোর্টস রিপোর্টার

ফেরার মঞ্চটা প্রস্তুতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল সেটাও হয়ে গেল। বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ দুই অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

যদিও, তাদের এই আনন্দের দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দুঃসংবাদ দিয়েছে দুই ক্রিকেটারকে। তারা হলেন - জশ হ্যাজেলউড ও পিটার হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দলে এই দু’জনের কারোরই জায়গা হয়নি। জায়গা পাননি অ্যাশটন টার্নার, ডি’আর্কি শর্ট ও কেন রিচার্ডসন। ইনজুরির কারণে প্রায় আড়াই মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা মিশেল স্টার্ক ফিরেছেন।

যদিও, সব ছাপিয়ে হ্যান্ডসকম্বের বাদ পড়াটাই সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলছে। চলতি বছর ১৩ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় ৪৩.৫৪, স্ট্রাইক রেট ৯৮.১৫। গত মাসে ভারত সফরে মোহালিতে ৩৫৯ রান তাড়া করে জয়ের ম্যাচে খেলেছিলেন ১০৫ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস। তার ওপর উইকেটরক্ষক বলেই কি না, দলে তার জায়গাটা পাকাই ছিল। তবে, সব হিসাব নিকাশ পাল্টে ফেললো তার এই বাদ পড়া। এখন অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসেবে আছেন কেবল অ্যালেক্স ক্যারে।

উসমান খাজা ও শন মার্শ তাদের ফর্মের পুরস্কার পেয়েছেন। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটিতে আছেন দুই অলরাউন্ডার—গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। হ্যাজেলউড নির্বাচকদের বিবেচনাতে ছিলেন। তবে, গেল জানুয়ারি থেকে তিনি ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। আর বিশ্বকাপের পরই অ্যাশেজ। তাই, তাকে নিয়ে এখন ঝুঁকি নিতে চায় না সিএ। তবে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের সহ-অধিনায়ক করে তাকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। সেখানে ইংলিশ কাউন্টি দলগুলোর বিপক্ষে তিনি আসছে ২০ জুন থেকে পাঁচটি ওয়ানডে খেলবেন। মানে, বিশ্বকাপের সময় সেই ইংল্যান্ডের মাটিতেই তিনি অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চাপাবেন, কেবল মঞ্চটার নামই ‘বিশ্বকাপ’ হবে না!

পেস বোলিং বিভাগে স্টার্ক ছাড়াও থাকছেন প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, জাই রিচার্ডসন, ন্যাথান কোল্টার-নাইল ও জেসন বেহরেনডর্ফ। দলে দুই স্পিনার হলেন নাথান লিঁও ও অ্যাডাম জ্যাম্পা।  যদিও, স্টার্ক ও রিচার্ডসন এখন ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন। তবে, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, মানে আগামী এক জুনের আগেই এই দু’জন ফিট হয়ে উঠবেন।

বিশ্বকাপের আগে আগামী ২৫ ও ২৭ মে প্রস্তুতি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।  এর আগে আসছে দুই মে থেকে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পুরোদমে প্রস্তুতি শুরু হবে অজিদের। সেই প্রস্তুতি চলাকালেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাস্টিন ল্যাঙ্গারের দল।

অষ্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়িনিস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, ন্যাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান লিঁও।