শিরোপায় টক্কর সিটি লিভারপুল লড়ছে সমানে

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেষ্টার সিটির মধ্যে শিরোপা দখলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এরই মধ্যে লিভারপুল গত রবিবার রাতে চেলসিকে ২-০ গোলে হারিয়ে বড়ো এক বাধা পেরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল।

লিভারপুলের জয়ের রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে সিটিও শিরোপা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সমানে। কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুলের জয়ে বড়ো অবদান রাখেন মোহামেদ সালাহ। এর আগে সাদিও মানে দলের হয়ে গোলের সূচনা করেছিলেন।

পাঁচ বছর আগেও লিভারপুলের সামনে শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ এসেছিল। কিন্তু সেবারও এই চেলসির বিরুদ্ধে ২-০ গোলে হেরে সুযোগটি নষ্ট করেছিল ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে এবার আর সে ভুল করেনি ২৯ বছরের মধ্যে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা লিভারপুল।

সর্বশেষ জয়ের পরও দল দুটির মধ্যে ব্যবধান দুই পয়েন্টেই থাকল। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে। পরের চার খেলায় অল রেডদের প্রতিদ্বন্দ্বী হলো কার্ডিফ, হাডার্সফিল্ড, নিউক্যাসল ও উলভস। সে তুলনায় কোচ পেপ গার্দিওলার দলকে পরের পাঁচ খেলার দুটিতেই মুখোমুখি হতে হবে টটেনহ্যাম, ম্যানচেষ্টার ইউনাইটেডের সঙ্গে। তাদের অপর তিন বিপক্ষ হলো বার্নলি, লেস্টার ও ব্রাইটন। 

এরকম প্রেক্ষাপটের মধ্যে জয়ের পর সালাহ জানান, লিভারপুল শেষ চারটি খেলাতে জিতলেই চ্যাম্পিয়ন হবে। নিজেদের ডান প্রান্ত বা পায়ের দুর্দান্ত এক লক্ষ্যভেদী শটে দলের জয় নিশ্চিত করেন তিনি। মিসরীয় স্ট্রাইকারটি মনে করেন খেলাগুলো থেকে সব পয়েন্ট পেলেই তা প্রিমিয়ার লিগ জমানায় লিভারপুলের প্রথম শিরোপা জয়ের জন্য যথেষ্ট হবে।

সালাহ’র কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মত, হ্যাঁ। আমাদের নিজেদের খেলাগুলোতেই মনোযোগী হতে হবে। আমরা আশা করি সিটি পয়েন্ট হারাবে। আমার জন্য প্রিমিয়ার লিগই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলাফল দেখতে আমি সিটিকে অনুসরণ করি। এটা আমাদের সাহায্য করে এবং আরো ভালো খেলতে তাতায়।’ জয়ে উচ্ছ্বসিত কোচ ক্লপ বলেন, ‘আমি দলের জন্য গর্বিত। এটা ছিল দুর্দান্ত এক নৈপুণ্য। কী দারুণ একটা দল, কী দারুণ একটা স্টেডিয়াম, কী দারুণ একটা পরিবেশ। এটা স্রেফ অসাধারণ। কোনো কোনো সময় এটা ছিল খুবই অভিভূত হওয়ার মতো।’ তিনি আরো বলেন, খুবই ভালো হয়েছে, সত্যিই খুবই ভালো হয়েছে। এখন আমরা পরেরটিতে  কার্ডিফে এবং অন্যান্য যারা সামনে আসুক তাদের জন্য প্রস্তুতি নিব।’

শিরোপা লড়াইয়ে তাদের মূল প্রতিদ্বন্দ্ব্বী সিটি প্রসঙ্গে জার্মান এ কোচ বলেন, ‘আমরা আশা করি তারা তাদের সব খেলাতেই জিতবে। কাজেই আমাদের দরকার যতটা সম্ভব বেশি পয়েন্ট আদায় করে নেওয়া। এরপর আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি সেটা দারুণ ব্যাপার হবে। আর সেটা সম্ভব না হলেও এটা একটা দারুণ ফুটবল দল।’

এ খেলাটির পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার পোর্তোর বিরুদ্ধে খেলতে নামবে। দুই দলের আগের খেলাটিতে লিভারপুল ২-০ গোলে এগিয়ে আছে। সেখান থেকে ফিরে এসে তারা ২১ এপ্রিল প্রিমিয়ার লিগের খেলায় অংশ নিতে কার্ডিফ যাবে।