বিরলে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫
দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুট মিল নামে একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পাট ও যন্ত্রাংশসহ প্রায় ২শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মিল মালিক পক্ষ দাবি করেছেন। অগ্নিকাণ্ডে বেশ কিছু শ্রমিক দ্বগ্ধ হলেও কেউ মারা যায়নি।  
 
মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে বিরল উপজেলার হুসনা নামক স্থানে রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুন গোটা মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিনাজপুর ও সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। বিকেল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে  আসে।
 
রূপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী আব্দুল লতিফ জানান, মিলে গুদামজাত পাট ও মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। আগুনে ২শ কোটি টাকার মালামাল ভস্মীভুত হয়েছে।
 
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। বিকেল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে  আসে।
 
ইত্তেফাক/ইউবি