আসন্ন জাতীয় নির্বাচনের পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দুজন নির্বাচন বিশেষজ্ঞ। আগামী মঙ্গলবার তারা ঢাকায় আসবেন। বাংলাদেশে অবস্থানকালে তারা প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাত্ করবেন। এ ছাড়াও পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্যেষ্ঠ রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, এবারের নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ থেকে কোনও পর্যবেক্ষক আসছে না। বরং এ দুই বিশেষজ্ঞই ব্রাসেলসে ইইউ’র সদর দফতরে তাদের প্রতিবেদন জমা দেবেন। সূত্র আরো জানায়, ইইউ’র দুই বিশেষজ্ঞের এ সফরটি গুরুত্বপূর্ণ। কারণ, তাদের দেওয়া রিপোর্ট বাংলাদেশের সঙ্গে ইইউ’র ভবিষ্যত্ সম্পর্কে কিছুটা হলেও প্রভাব রাখবে। এ দুই বিশেষজ্ঞ আগামী জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে।
