হাটহাজারীতে মোঃ আলী আকবর মানিক (৪০)নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে লাশটি উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিক ২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে ঘর থেকে বের হয়ে দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। তার মোবাইলে বারবার কল করলেও ফোন রিসিভ করেনি।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার মানিকের লাশের সন্ধান পাওয়ার ঘন্টাখানেক আগেও কল করে কথা বলেত ব্যর্থ হয় পরিবারের লোকজন। এদিকে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম দেওয়ান নগরস্থ সুজানগর উত্তর হাউজিং এস্টেট এলাকার সোনালী ব্রিক ফিল্ডের পুকুরে স্থানীয়রা তার লাশ দেখে পরিবার ও নিকটস্থ থানায় খবর দেয়। মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
নিহত মানিক পৌরসভার পশ্চিম দেওয়ান নগর উম্মেদ আলীর বাড়ির (প্রকাশ আবুল কালামের বাড়ি) মোঃ খলিলুর রহমানের পুত্র। সে পেশায় একজন কৃষক ছিল।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মডেল থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।
ইত্তেফাক/নূহু
