বিনোদন রিপোর্ট
সিলেট থেকে অনুষ্ঠান শেষ করে গতকাল ট্রেনে ঢাকায় ফেরার পথে উত্তরায় হঠাত্ হূদরোগে আক্রান্ত হন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দী। পরে তাকে রাত ১১টার দিকে সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে এই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সুবীর নন্দীর ভাই সংগীতশিল্পী তিমির নন্দী গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর চিকিত্সকেরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে সুবীর নন্দীকে। শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো।
একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সপরিবারে সিলেট গিয়েছিলেন সুবীর নন্দী। অনুষ্ঠান শেষে রবিবার রাতে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন ট্রেনে। রাত ৯টার দিকে উত্তরার কাছাকাছি ট্রেন আসতেই হঠাত্ তার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে তাকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিএমএইচে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে অবস্থা খারাপের দিকে গেলে সুবীর নন্দীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
