'ইউএনডিএসের সংস্কার প্রক্রিয়া উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে'

আপডেট : ০১ মার্চ ২০১৮, ১০:২৩
'জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থা'র (ইউএনডিএস) চলমান সংস্কার প্রক্রিয়া স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ-রাষ্ট্রসমূহসহ আমাদের সকলের জন্যই একটি বিশেষ সুযোগ যা আমাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত চলমান সভায় অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
 
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর আওতাভুক্ত 'জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার' সংক্রান্ত উচ্চ পর্যায়ের এই সভা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে যা বৃহস্পতিবার শেষ হবে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইকোসকের আমন্ত্রিত অতিথি হিসেবে 'এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের সমর্থনে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার তহবিল কাঠামো পুনর্বিন্যস্তকরণ' একটি সন্নিবেশিত রূপ গঠনের লক্ষ্যে শীর্ষক একটি সেশনে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন।
 
প্যানেল আলোচক হিসেবে প্রদত্ত বক্তৃতার শুরুতে নজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তাৎপর্যপূর্ণ অগ্রগতির কথা উল্লেখ করেন এবং এই অগ্রগতিতে জাতিসংঘের সহায়ক ভূমিকার কথা স্মরণ করেন। 'জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থা'র অর্থায়ন বিষয়ে তিনি বলেন, "ইউএনডিএস এর অর্থায়ন অবশ্যই কোন দেশের জাতীয় উন্নয়ন ও উন্নয়ন কর্ম-কৌশলের সাথে একাত্ম হতে হবে, যাতে দেশটির উন্নয়ন ধারার নিজস্বতা প্রতিফলিত হয়। আর এসডিজি'র বাস্তবায়নই যেহেতু আমাদের লক্ষ্য, তাই ইউএনডিএস এর উন্নয়ন-অর্থায়ন রূপকল্পে এসডিজির তিনটি মাত্রার প্রতিটি ক্ষেত্রকেই সুষম গুরুত্বে বিবেচনা করা উচিত।"
 
মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ইউএনডিএস-এর দাতাদেশসমূহের নিঃশর্ত অর্থ সহায়তা অব্যাহতভাবে কমে যাওয়ায় এর দক্ষতা ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই, দাতাদেরকে জটিল নিয়মাবদ্ধ আর্থিক সহায়তাসমূহ কমিয়ে অধিকতর নমনীয় তহবিল বিশেষ করে নিঃশর্ত অর্থ সহায়তা প্রদানে উৎসাহিত করা উচিত।' ইউএনডিএস-এ নিঃশর্ত অর্থ সহায়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের সুপারিশের প্রতি মুখ্য সচিব সমর্থন ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/এসএস