ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের পর নতুন করে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছে ২০ দলের বিরোধী জোট। ইভিএমের ত্রুটির কারণে জার্মানি, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের মতো কয়েকটি দেশ পুরোনো ব্যালট পদ্ধতিতে ফিরে গেছে বলে যুক্তি দেখিয়ে তারা ভারতেও ব্যালট ফেরানোর দাবি করেছে।
ইভিএমকে ‘চোর মেশিন’ আখ্যা দিয়ে এ মেশিনে কারচুপির অভি-যোগ করেছে বিরোধীরা। তাছাড়া, ভারতের নির্বাচন কমিশন ইভিএমে কারচুপি রুখতেও সচেষ্ট নয় বলে অভিযোগ তাদের। এনডিটিভি জানিয়েছে, ইভিএমে ত্রুটির বিষয়টি নিয়ে রবিবার দিল্লিতে এক বৈঠকের পর বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে, ৫০ শতাংশ মেশিনের পেপার ট্রেইল পরীক্ষা করে দেখার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে তারা।
বিরোধীদের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইভিএমে ভোটগ্রহণ ব্যবস্থা তুলে দিয়ে ব্যালটে ভোট নেওয়ার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানান। বৃহস্পতিবার ভারতজুড়ে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অন্ধ্রপ্রদেশে এদিন বিধানসভারও প্রথম পর্বের ভোট হয়েছে। ভোটের শুরু থেকেই ইভিএম নিয়ে অনেক অভিযোগ এসেছে এবং কয়েকটি স্থানে ইভিএম মেশিন ভাঙচুরও হয়েছে। ইভিএম নিয়ে সরব ছিলেন বিরোধী মহাজোটের অন্য নেতা-নেত্রীরাও।
তবে ইভিএম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ১৫০টি বিধানসভা আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবু।
