পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে মো. নুর ইসলাম ওরফে বাবু মিঞা (২৪) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু মনসুর মো. জিয়াউল হক এই রায় দেন। একই রায়ে আসামির বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার সময় বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়নের আরাজী গাইঘাটা এলাকার এক দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়। জয়পুরহাটের কালাই উপজেলার থুপিমারা এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম ওরফে বাবু মিঞা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনিপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে তার সহযোগি জুয়েল হোসেন ও তাজেল হোসেনকে নিয়ে তাকে অপহরন করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই বাবু মিঞাকে প্রধান আসামি করে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামির বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্ত দুই সহযোগী আদালতে হাজির হলেও ঘটনার পর থেকে মুল আসামি পলাতক রয়েছে।
মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু দমন আইনের ৭/৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে নুর ইসলাম ওরফে বাবু মিঞার বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়। অন্য দুই আসামির সংশ্লিষ্টতা না থাকায় পূর্বেই তাদের মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়। বাদীপক্ষে জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমিনুর রহমান মামলাটি পরিচালনা করেন।
ইত্তেফাক/এসএস
