এডিবি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ

আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৩৪
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন। এডিবি ঢাকাস্থ আবাসিক মিশনের এক কর্মকর্তা বলেন, নাকাও দুপুর ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। 
 
ঢাকা ত্যাগের আগে এডিবি প্রেসিডেন্ট গাজীপুরে ভিয়েলাটেক্স গ্রুপের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং ফ্যাক্টরির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। গত সোমবার রাতে নাকাও ঢাকায় পৌঁছেন, মঙ্গলবার তিনি ভৈরব ও আশুগঞ্জে এডিবি সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। মঙ্গলবারই তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন।
 
পরের দিন বুধবার এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেন। পরে বিকেল ১টায় এডিবির আবাসিক মিশনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি